জাতীয়

পুলিশে যুক্ত হচ্ছে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

২১ নভেম্বর ২০২৬, ৮:১৪:০৩

পুলিশে যুক্ত হচ্ছে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ১৪ হাজার পদ সৃজনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন অনুমোদিত এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। এর আগে পদগুলো সৃষ্টির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় কমিটির প্রয়োজনীয় সম্মতি ও অনুমোদন গ্রহণ করা হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সৃজিত ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদ জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডভুক্ত (৩২,০০০-৭৭,৩০০ টাকা)। অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ রাখা হয়েছে ১৭তম গ্রেডে (২১,৪০০-৫১,৯০০ টাকা)। কনস্টেবল পদে আবেদন করার যোগ্যতা রাখা হয়েছে এসএসসিমান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক সক্ষমতা। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি), ১৯৪৩’ ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে এসব নিয়োগ সম্পন্ন হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় পূর্বের শূন্য ২ হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত পদের মধ্য থেকে ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। অবশিষ্ট ৬ হাজার কনস্টেবল পদ এবং ৪ হাজার এসআই পদের জন্য পরবর্তীতে পৃথক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মাঠপর্যায়ে অপরাধ দমন, মামলার সুষ্ঠু তদন্ত, আসামি গ্রেপ্তার ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কনস্টেবল ও এসআইদের ভূমিকা অপরিসীম। নতুন এ বিপুল জনবল নিয়োগ সম্পন্ন হলে পুলিশ বাহিনীর বিদ্যমান সংকট কাটার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও সেবা প্রদান প্রক্রিয়া আরও দ্রুততর ও কার্যকর হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ