জাতীয়

নতুন ভোটার ও স্থান পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩:৫০

নতুন ভোটার ও স্থান পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

আসন্ন ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হিসেবে নিবন্ধন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই ধরণের আবেদনের জন্যই আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক মাঠপর্যায়ের নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে উপজেলা, থানা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সূচি অনুযায়ী সব কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাগণ পুরো কার্যক্রম তদারকি করবেন।

ইসিকার্যসূচি অনুযায়ী, স্থানান্তরের জন্য আবেদন করার শেষ সময় ৩১ অক্টোবর। দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে কাগজপত্র ইস্যু করা হবে ৩ নভেম্বরের মধ্যে এবং এলাকা স্থানান্তর সংক্রান্ত আবেদন নিষ্পত্তির চূড়ান্ত তারিখ ৫ নভেম্বর।

অন্যদিকে, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধন, দাবি কিংবা আপত্তি গ্রহণের সময় রাখা হয়েছে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আপত্তির নিষ্পত্তি হবে ২৩ নভেম্বর এবং নিষ্পত্তিকৃত তথ্য ২৪ নভেম্বর সংশোধিত ডেটাবেইসে যুক্ত করা হবে। সর্বশেষে ২৫ নভেম্বর চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ পাবে।

কমিশন সূত্রে জানা গেছে, ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের ভিত্তিমূল তারিখ রাখা হয়েছে ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাদের জন্ম। ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নিবন্ধিত সব যোগ্য নাগরিক এই তালিকায় জায়গা পাবেন।

খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ নাগরিক যেন সহজে ভুলত্রুটি সংশোধন করতে পারেন, সে লক্ষ্যে প্রচার চালিয়ে মাঠ কর্মকর্তাদের সজাগ থাকার তাগিদ দেওয়া হয়েছে। জুম্মার নামাজ বা প্রার্থনার আগে মসজিদ-মন্দিরের মাইক ব্যবহার করে ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সচেতনতা বাড়ানোর নির্দেশনা রয়েছে। একই সাথে পুরুষের জায়গায় নারী বা নারীদের জায়গায় পুরুষ অন্তর্ভুক্ত হওয়ার মতো ভুল শনাক্ত করে তা শুধরে নেওয়ার ওপর জোর দিয়েছে কমিশন। উল্লেখ্য, আগামী বছরের জানুয়ারি থেকেই পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ