সারাদেশ

নারায়ণগঞ্জ কলেজে আধুনিক আইসিটি ল্যাব উদ্বোধন, মাস্টার্স চালুর আশ্বাস এমপি কালামের

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯:১৯

নারায়ণগঞ্জ কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মিত আধুনিক আইসিটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে ৩১টি কম্পিউটারসমৃদ্ধ এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

আইসিটি ল্যাব উদ্বোধনের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এরও উদ্বোধন করা হয়। বিভিন্ন আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, প্রতিটি শিক্ষার্থীই মেধাসম্পন্ন। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এসেছি, তাই শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ দায়বদ্ধতা রয়েছে। শিক্ষকদের দায়িত্ববোধের কথাও উল্লেখ করে তিনি বলেন, কলেজের এই অত্যাধুনিক আইসিটি ল্যাব সঠিকভাবে ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী হয়ে উঠতে হবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে।

কলেজে মাস্টার্স প্রোগ্রাম চালুর জোরালো দাবি প্রসঙ্গে এমপি কালাম জানান, আগামী দুই বছরের শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কলেজে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন। তিনি বলেন, আইসিটি ল্যাবের কারণে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে যাবে। এ সময় তিনি কলেজে অনার্স কোর্স চালুর পাশাপাশি পাঁচটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য সংসদ সদস্যের বিশেষ সহযোগিতা কামনা করেন। এছাড়া পড়াশोनার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা বলেন, এই ৩১টি কম্পিউটারসমৃদ্ধ আইসিটি ল্যাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সমানভাবে এগিয়ে চলেছে। আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য আমিনুর রহমান মিঠু, রহিমা শরীফ মায়া, ডা. রফিকুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুনসহ পরিচালনা পর্ষদের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ