৬ এপ্রিল ২০২৬, ১:২৪:০৮
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এখন পথচারীদের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। আধুনিকায়নের নামে আটটি লেনের এই এক্সপ্রেসওয়ে তৈরি করা হলেও, স্থানীয় বাসিন্দাদের পারাপারের জন্য রাখা হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। ৮.১৫ কিলোমিটার দীর্ঘ এই ব্যস্ততম সড়কে মাত্র একটি ফুটওভার ব্রিজ থাকায় চরম ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে হাজারো মানুষকে। ফলে প্রতিদিনিই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ।
গত ২৬ মার্চ ফতুল্লা স্টেডিয়ামের সামনে দ্রুতগামী বাসের চাপায় লতা রানী মন্ডল নামে এক পথচারীর মৃত্যু এই সড়কের অনিরাপত্তাকে আবারও সামনে এনেছে। স্থানীয়দের অভিযোগ, চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত বিস্তৃত এই সড়কে পর্যাপ্ত জেব্রা ক্রসিং, আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ নেই। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও শিল্পাঞ্চলের শ্রমিকরা প্রতিদিন জীবন বাজি রেখে সড়ক পারাপার হচ্ছেন।
সড়ক ও জনপথ বিভাগের সূত্রমতে, এক্সপ্রেসওয়ে নীতিমালা মেনে সড়কটি নির্মাণ করা হলেও জনবহুল এই এলাকার গুরুত্ব সেভাবে বিবেচনা করা হয়নি। আট কিলোমিটারের মধ্যে যেখানে একাধিক পারাপার ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, সেখানে রয়েছে মাত্র একটি ফুটওভার ব্রিজ। তাও আবার অনেকটা গুরুত্বহীন স্থানে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই সড়কে ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং উল্টোপথে গাড়ি চালানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু সড়ক দুর্ঘটনাই নয়, অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই লিংক রোড। রাতের আঁধারে ছিনতাই ও মাদক কারবারিদের দাপট বৃদ্ধি পাওয়ায় সাধারণ পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সাইনবোর্ড থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আলোর স্বল্পতার সুযোগ নেয় অপরাধীরা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনাহীন উন্নয়ন ও তদারকির অভাবেই এই গুরুত্বপূর্ণ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে তারা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল এলাকাটি পরিদর্শন করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করেছেন। মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকা এই প্রকল্পের আওতায় দ্রুতই নতুন ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের দাবি, আর কোনো প্রাণের বিনিময়ে নয়, দ্রুততম সময়ে যেন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

















