২৭ মার্চ ২০২৬, ১২:৪৯:৩৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় লতা রাণী মন্ডল (৫০) নামে এক পুণ্যার্থী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লতা রাণী ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মণ্ডলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, লতা রাণী ও তার স্বামী সুখ রঞ্জন ভোরবেলা বাসা থেকে বন্দরের লাঙ্গলবন্দ স্নানোৎসবে যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) তাকে চাপা দেয়। বাসটি লতা রাণীকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ ও জানালার কাঁচ ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা লতা রাণীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার স্বামীও সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার গাড়ি রেখেই কৌশলে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

















