জাতীয়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহণ করলেন সাখাওয়াত, উপকৃত হবেন ১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

১৬ মার্চ ২০২৬, ১২:২১:২৭

দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপহারের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দকৃত অর্থের চেক গ্রহণ করেছেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

গত রোববার (১৫ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে এই চেকগুলো সংশ্লিষ্ট প্রশাসকদের কাছে হস্তান্তর করেন। নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার এলাকার কর্মীদের জন্য বরাদ্দ বুঝে নেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে পাবেন। নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত এই শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহরগুলোকে বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা যে ভূমিকা রাখেন, প্রধানমন্ত্রী তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সশরীরে চেক গ্রহণের পর নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এই অর্থ দ্রুততম সময়ের মধ্যে নাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছেন। উল্লেখ্য, সাখাওয়াত হোসেন খান গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও খবর:

বিবিধ