সারাদেশ

নারায়ণগঞ্জের যানজট নিরসনে ডিজিটাল নাম্বার প্লেট ও হকার উচ্ছেদের ঘোষণা

৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮:১৪

নগর ভবনের কনফারেন্স রুম

প্রভাতী বার্তা : নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও হকার সমস্যা সমাধানে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। আগামী ১৩ এপ্রিল থেকে নগরীর সড়কগুলোতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। বুধবার (৮ এপ্রিল) সকালে নগর ভবনের কনফারেন্স রুমে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নাসিক প্রশাসক জানান, আগামী সোমবার চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে এই সম্মিলিত অভিযান শুরু হবে। এটি কেবল একদিনের জন্য নয়, বরং প্রতিদিন ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শহরের প্রধান সড়ক বিশেষ করে বিবি রোডে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। তবে প্রকৃত হকারদের চিহ্নিত করে তাদের নির্দিষ্ট এলাকায় পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এই অভিযান সফল করতে পুলিশ, র‍্যাব, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রায় ১০০ জন কর্মী মাঠে থাকবে।

যানজট নিরসনে হকার উচ্ছেদের পাশাপাশি অটোরিকশা নিয়ন্ত্রণেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাখাওয়াত হোসেন খান বলেন, শহরে অনুমোদিত অটোরিকশার তুলনায় কয়েক গুণ বেশি গাড়ি চলাচল করছে। এটি নিয়ন্ত্রণে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকার জন্য আলাদা রঙের ডিজিটাল নাম্বার প্লেট এবং বারকোড সিস্টেম চালু করা হবে। এর ফলে বাইরের কোনো অটোরিকশা মূল শহরে প্রবেশ করতে পারবে না, যা যানজট ও দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

একই সভায় উন্নয়নমূলক কাজের ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে। নাগরিক সমস্যা সমাধানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি। ব্যবসায়িক নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

আরও খবর:

বিবিধ