অন্যান্য

সারাদেশে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস

৮ মার্চ ২০২৬, ২:০৪:৩৯

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায় নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে। এই দিনে নারীর অধিকার রক্ষা, সমতা বিধান এবং সমাজে তাদের অদম্য অবদানকে সম্মান জানানো হচ্ছে।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, নারীদের মূলধারার বাইরে রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। বাণীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত নারী উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন। এই বছর ‘অদম্য নারী পুরস্কার’-এর আওতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন এনজিও, ব্যাংক এবং সামাজিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কৃতী নারী হিসেবে সাংবাদিক মমতাজ বানুকে সম্মাননা জানানো হবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস শতাব্দী প্রাচীন। ১৮৫৭ সালে নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের আন্দোলনের মাধ্যমেই এই সংগ্রামের সূচনা। পরবর্তীতে ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বর্তমানে বিশ্বের প্রতিটি দেশে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। 

আরও খবর:

বিবিধ