সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯:৩৬

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার সীমা ডাইং সংলগ্ন জনৈক মঞ্জিল মোর্শেদের বাড়িতে এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মঞ্জিল মোর্শেদ পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মচারী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং কাপড় দিয়ে প্রত্যেকের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ঘরের আলমারি তছনছ করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা লুট করে। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, লুণ্ঠিত স্বর্ণ ও নগদ টাকাসহ সব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার সম্পদ নিয়ে ডাকাত দল চম্পট দেয়।

ঘটনার পর পরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাটিতে সাম্প্রতিক সময়ে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ