১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১:০২
প্রভাতী বার্তা ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ইতিহাস লিখেছেন দুই প্রার্থী। একজন দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, অন্যজন এবারের নির্বাচনে বিজয়ী সর্বকনিষ্ঠ নারী এমপি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে এই দুই নামই এখন আলোচনার কেন্দ্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হান্নান মাসউদ এবার দেশের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে রেকর্ড গড়েছেন। হলফনামা অনুযায়ী তার বয়স ২৬ বছর ১ মাস।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে তিনি ২৭ হাজার ৮৭৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
২০০০ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া হান্নান মাসউদ প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয় পেয়েছেন। জুলাই গণ–আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। পরে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা শিক্ষা বিভাগের শিক্ষার্থী (২০১৯–২০ শিক্ষাবর্ষ)।
এর আগে সর্বকনিষ্ঠ এমপি হওয়ার রেকর্ড ছিল আজিজুল ইসলাম খন্দকার আজিজ–এর দখলে।
নাটোর-1 (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবারের নির্বাচনে বিজয়ী সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন। তার বয়স ৪১ বছর।
তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১ হাজার ৬৮৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন ৯১ হাজার ৩০১ ভোট।
ফারজানা শারমিন পুতুল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল–এর কন্যা। দীর্ঘ ১৮ বছর পর নাটোর-১ আসনটি বিএনপি পুনরুদ্ধার করেছে তার হাত ধরে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই জয় লালপুর-বাগাতিপাড়ার মানুষের।

















