২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২:১৬
প্রভাতী বার্তা ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালন শেষে নিজের আগের কর্মস্থলে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছান।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে ড. ইউনূস তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় সক্রিয় করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষদিকে সরকারি বাসভবন ‘যমুনা’ থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন।

















