
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের জালকুড়ি এলাকার বৃষ্টিধারা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও একটি ফুলহাতা গেঞ্জি। পুলিশ ধারণা করছে, ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং পচন ধরার কারণে শরীরে আঘাতের চিহ্ন তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দুর্বৃত্ত দল ব্যক্তিটিকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে কচুরিপানার নিচে মরদেহটি লুকিয়ে রেখেছিল। নিহতের সঠিক পরিচয় শনাক্তের জন্য মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। পরিচয় নিশ্চিতে সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta