
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল, গত তিন মাসের অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে আন্দোলনকারীরা বিদ্যুৎ খাতের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি একটি শ্বেতপত্র প্রকাশের জোর দাবি জানান। নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদসহ বিভিন্ন মহল্লার প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “জাতীয় বাজেট ও গ্রাহকদের বিল বাবদ বছরে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে যুক্ত হয়। এই বিপুল অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তার সঠিক হিসাব জনগণের সামনে উপস্থাপন করা জরুরি।”
বক্তারা অভিযোগ করেন, প্রি-পেইড মিটারের মাধ্যমে সেবা ব্যবহারের আগেই অর্থ কেটে নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কাল্পনিক অতিরিক্ত বিল চাপিয়ে দিয়ে সাধারণ গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। এ সময় তারা পাবনার জননেতা তৌহিদুর রহমানসহ বৈষম্যমূলক ব্যবস্থার প্রতিবাদকারী ১৮০ জন আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে বিগত তিন মাসে আদায়কৃত অতিরিক্ত বিদ্যুৎ বিল অনতিবিলম্বে বাতিল ও সমন্বয়ের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে চাষাঢ়া সংলগ্ন প্রধান সড়কে একটি মশাল মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
https://provatibarta.net
www.facebook.com/provatibarta.online
Email: newsprovatibarta@gmail.com