
রাজধানীর মিরপুর এলাকায় গত দুই মাসে একই কায়দায় ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই তথ্য জানান ওয়ারী বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাব্বি নিজেকে বৃত্তশালী পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের সঙ্গে সখ্য গড়ে তুলে তাদের প্রেমের ফাঁদে ফেলত সে। এরপর কৌশলে তাদের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করত। ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ভুক্তভোগী ১৩ জন তরুণীর সবাই মিরপুর এলাকার বাসিন্দা। রাব্বি অত্যন্ত সুকৌশলে তাদের বিশ্বাস অর্জন করে এই অপরাধ সংঘটন করেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্ত যুবক কেবল তরুণীদের লাঞ্ছিতই করেনি, বরং তাদের ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করারও চেষ্টা করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে অনলাইন মাধ্যমে অপরিচিত কারো সাথে মেলামেশার ক্ষেত্রে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta