২৩ মার্চ ২০২৬, ৪:৫৫:৫৭
ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াইয়ে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের (ইংলিশ লিগ কাপ) শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। নিকো ও’রাইলির নান্দনিক জোড়া গোলে মৌসুমের প্রথম ট্রফি নিজেদের শোকেসে তুলল পেপ গার্দিওলার দল। এই জয়ের মাধ্যমে ২০২১ সালের পর এই টুর্নামেন্টের মুকুট পুনরুদ্ধার করল সিটিজেনরা।
ম্যাচের শুরুতেই নাটকীয়তার আভাস পাওয়া যায়। সপ্তম মিনিটে আর্সেনালের কাই হাভার্টজ এবং বুকায়ো সাকার নিশ্চিত তিনটি আক্রমণ রুখে দিয়ে সিটির ত্রাতা হিসেবে আবির্ভূত হন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। প্রথমার্ধে কোনো দল জালের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়।
৬০ মিনিটে সিটি মিডফিল্ডার রায়ান চেরকির শট আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা গ্লাভসবন্দি করতে ব্যর্থ হলে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন নিকো ও’রাইলি। এর ঠিক চার মিনিট পর ম্যাথিয়াস নুনসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন এই তরুণ তুর্কি। কেপা আরিজাবালাগার ভুলে ম্যাচে বড় ধাক্কা খায় গানার্সরা।
ম্যাচ শেষে আর্সেনালকে ‘অদম্য’ দল হিসেবে অভিহিত করে প্রশংসা করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি ব্যক্তিগতভাবে পঞ্চমবারের মতো এই শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর এই শিরোপা সিটির জন্য বড় এক স্বস্তি হয়ে এল। বিশেষ করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আর্সেনালের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে এই জয় সিটিকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

















