
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অধ্যাপক মামুন মাহমুদ বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সারা দেশে মোট ৪২টি জেলা পরিষদে একযোগে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংশ্লিষ্ট জেলাগুলোতে ডিসিদের (জেলা প্রশাসক) মাধ্যমে অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন এই নিয়োগের ফলে এখন থেকে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা জেলা পরিষদের হাল ধরবেন।
অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, তিনি এর আগে জেলা বিএনপির সদস্য সচিব ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং তার নামে রাজপথের আন্দোলনের কারণে প্রায় তিন ডজন মামলা রয়েছে। পেশাগত জীবনে তিনি একজন কলেজ শিক্ষক হিসেবেও সমাদৃত।
প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক মামুন মাহমুদ বলেন, 'নারায়ণগঞ্জ একটি বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ ও স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।'
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত এই প্রশাসক জেলা পরিষদ আইন ও সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta