
মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির মধ্যে আশার বাণী শোনাল ইরান। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো নির্বিঘ্নে ও নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে দেশটি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর বিশেষ অনুরোধে ইরান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, "বাংলাদেশি তেলবাহী জাহাজগুলো যাতে হরমুজ প্রণালীতে কোনো বাধার সম্মুখীন না হয়, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বাংলাদেশের জন্য প্রণালীটি উন্মুক্ত রাখতে সম্পূর্ণ প্রস্তুত।"
তবে নিরাপত্তার খাতিরে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। বাংলাদেশি জাহাজগুলোকে ওই এলাকায় প্রবেশের আগেই তাদের অবস্থান এবং পরিচয় ইরান কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। এতে করে কোনো ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য যে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে এবং বিমা সংকটের কারণে কয়েকশ জাহাজ আটকা পড়েছে। এমন সংকটের মধ্যে ইরানের এই আশ্বাস বাংলাদেশের জ্বালানি খাতের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এই রুট দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
একই দিনে আল-কুদস দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের সাধারণ মানুষ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাহসী এবং তারা জীবন দিতে ভয় পায় না। সভায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta