সারাদেশ

পূর্বাচলে গরুর মাংসের নামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস, ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার

২৮ মার্চ ২০২৬, ১২:০৩:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির এক ভয়াবহ প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লট থেকে ৯টি জবাই করা ঘোড়া এবং জীবিতাবস্থায় আরও ১১টি ঘোড়া উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে পূর্বাচলের নির্জন স্থানগুলোতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে আসছিল। পরে সেই মাংস গরুর মাংস বলে উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ ও মাংসের দোকানে কম দামে সরবরাহ করত। সাধারণ মানুষ না জেনেই সেই ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে কিনে খাচ্ছিলেন।

শুক্রবার ভোরে হারার বাড়ির একটি নির্জন প্লটে ঘোড়া জবাইয়ের খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা ঘটনাস্থলে ঘোড়াগুলো ফেলে পালিয়ে যায়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে ৯টি ঘোড়ার দেহাবশেষ এবং কসাইয়ের হাত থেকে বেঁচে যাওয়া ১১টি জীবিত ঘোড়া জব্দ করে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অসাধু ব্যবসায়ী ও প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে উদ্ধারকৃত জীবিত ঘোড়াগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

আরও খবর:

বিবিধ