
বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে স্বাস্থ্য খাতের সহযোগিতায় নতুন মাত্রা যোগ করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা কার্যক্রম এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে অবস্থিত মর্যাদাপূর্ণ হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শনকালে এই আহ্বান জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের পারস্পরিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী চীনা বিনিয়োগকারী ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে চীনা বিনিয়োগ অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। যৌথ এসব প্রকল্পে বর্তমান সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং সর্বাত্মক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে।
এছাড়া, চীনে চিকিৎসাসেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমাতে বিশেষ সুবিধার অনুরোধ জানান মন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ 'গ্রিন মেডিক্যাল চ্যানেল' চালু এবং চিকিৎসা খরচে বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক সম্মতি জানিয়েছে।
হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন স্বাস্থ্যমন্ত্রীর প্রস্তাবগুলোকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি জানান, জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যশিল্পের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চীন আগ্রহী।
https://provatibarta.net
www.facebook.com/provatibarta.online
Email: newsprovatibarta@gmail.com