
মে মাস পর্যন্ত দেশে জ্বালানি তেলের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের উত্থাপিত এক আলোচনার জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশা জাগানিয়া এই বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন তেলের মজুত ছিল মাত্র সাত দিনের। এর ওপর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমদানিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন অনিশ্চিত হয়ে পড়ায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে সরকারের সময়োচিত পদক্ষেপে সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে জুন ও জুলাই মাসের চাহিদা পূরণের লক্ষ্যে আগাম প্রস্তুতি শুরু হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে ডিজেলের দাম ১৪২ শতাংশের বেশি বেড়েছে। অনেক প্রতিবেশী দেশ তেলের দাম ৩৫ থেকে ৫০ শতাংশ বাড়ালেও বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন ও সাধারণ মানুষের কথা ভেবে মাত্র ১০ থেকে ১৬ শতাংশ সমন্বয় করেছে। কৃষকদের সুবিধার্থে শুরুর দেড় মাস কোনো দাম বাড়ানো হয়নি বলেও তিনি সংসদকে অবহিত করেন।
তবে জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে অসাধু মজুতদারদের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পাবনা, নাটোর ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় পানির ট্যাংক, মাটির নিচে এমনকি অ্যাম্বুলেন্সে করেও তেল পাচারের চেষ্টা চালানো হচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ঢাকায় পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ পদ্ধতি চালু করা হয়েছে, যা দ্রুতই সারাদেশে কার্যকর করা হবে।
বিরোধী দলীয় নেতার গঠনমূলক আলোচনার প্রশংসা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি সংকট সমাধান একটি সম্মিলিত প্রচেষ্টা। সংকট মোকাবিলায় বিরোধী দল যদি কোনো সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা দেয়, তবে সরকার তা আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে। তিনি বিরোধী দলীয় প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানান।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta