
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তারা চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালীর বাউফলের নিজ গ্রাম বরুকদিয়ার পারিবারিক কবরস্থানে। বিস্ফোরণের অগ্নিশিখা কেড়ে নিয়েছে পরিবারের শেষ সদস্যকেও, ফলে এখন জনশূন্য তাদের আধা-পাকা ঘরটি।
শনিবার সকালে বাউফল উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হৃদয়বিদারক পরিবেশে চারজনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাবা কালামের কবরের পাশেই স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথাকে দাফন করা হয়। গত মঙ্গলবার কালামকে দাফন করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১০ মে ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের সবাই গুরুতর দগ্ধ হন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার থেকে শুক্রবারের মধ্যে পরিবারের পাঁচ সদস্যই মারা যান।
কালামের ভাই রাজীব বলেন, "পুরো পরিবারটি শেষ হয়ে গেল। চিকিৎসাধীন অবস্থায় আশা ছিল হয়তো কেউ বেঁচে ফিরবে, কিন্তু নিয়তি সব কেড়ে নিয়েছে।" দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই পরিবারটি জীবিকার সন্ধানে ঢাকায় পাড়ি জমিয়েছিল। তাদের এই করুণ মৃত্যুতে নিস্তব্ধ হয়ে পড়েছে গোটা বাউফল এলাকা।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta