২৪ মার্চ ২০২৬, ৪:৩০:৪৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার শিকার একটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় ভাঙচুর হওয়া বাড়ি-ঘর পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে। অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং এলাকায় নিরাপদভাবে বসবাস করতে পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মসিউর রহমান রনিসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত কয়েকদিন আগে শিবু মার্কেট এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী একটি বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। পাশিাপাশি এই ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। বিএনপি নেতাদের এই সফরের পর এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

















