
গুগল প্লে স্টোরকে নিরাপদ মনে করলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এক নতুন সতর্কবার্তা জারি করেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। অত্যন্ত শক্তিশালী ‘নোভয়েস’ (NoVoice) নামের একটি ম্যালওয়্যার প্লে স্টোরের অন্তত ৫০টি অ্যাপে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে এই অ্যাপগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ২৩ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ম্যাকাফি (McAfee) সম্প্রতি এই আশঙ্কার কথা জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, ক্ষতিকর এই ম্যালওয়্যারটি ক্লিনার অ্যাপ, গ্যালারি এবং বিভিন্ন মোবাইল গেমের ছদ্মবেশে ছড়িয়ে পড়ছে। সাধারণ অ্যাপের মতো মনে হওয়ায় এবং ইনস্টল করার সময় অতিরিক্ত কোনো অনুমতি (permission) না চাওয়ায় ব্যবহারকারীরা সহজে একে সন্দেহ করতে পারেন না।
কিভাবে ক্ষতি করে নোভয়েস ম্যালওয়্যার?
একবার স্মার্টফোনে জায়গা করে নিলে এটি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে উন্মোচিত হওয়া অ্যান্ড্রয়েডের পুরোনো নিরাপত্তা ত্রুটিগুলোকে কাজে লাগায়। এর মাধ্যমে ম্যালওয়্যারটি ফোনের ‘রুট অ্যাকসেস’ বা পূর্ণ নিয়ন্ত্রণ হাতিয়ে নেয়। এরপর এটি ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি করা, নতুন অ্যাপ ইনস্টল করা, এমনকি হোয়াটসঅ্যাপের মতো নিরাপদ এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের ডেটা রিড বা সেশন ক্লোন করার ক্ষমতা রাখে।
সুরক্ষায় যা বললেন বিশেষজ্ঞরা
ম্যাকাফির বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যালওয়্যারটি এতটাই গভীরে প্রভাব ফেলে যে অনেক সময় ফ্যাক্টরি রিসেট করার পরেও এর অস্তিত্ব থেকে যেতে পারে। তবে স্বস্তির খবর হলো, যেসব ডিভাইসে ২০২১ সালের মে মাসের পরের সিকিউরিটি আপডেট দেওয়া আছে, সেগুলো অনেকাংশেই নিরাপদ।
গুগল ইতোমধ্যে অভিযুক্ত অ্যাপগুলো প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত সতর্কতার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ যাচাই করা, বিশ্বস্ত ডেভেলপার কি না তা দেখা এবং অপ্রয়োজনীয় থার্ড-পার্টি সোর্স থেকে অ্যাপ ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফোনে অস্বাভাবিক ব্যাটারি খরচ বা নিজে থেকে রিস্টার্ট হওয়ার মতো লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: টেক রিপাবলিক
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta