
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার সময় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চার পথচারী আহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুতুবপুর পশ্চিম রসুলপুর এলাকার ভাঙ্গারপুল বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষুব্ধ জনতা একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনার মূলে ছিল মাত্র দুই হাজার টাকার ফ্লেক্সিলোড সংক্রান্ত বিরোধ। দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামে এক যুবক সুমন মিয়ার দোকান থেকে ফ্লেক্সিলোড নিয়ে টাকা না দিয়ে সটকে পড়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে আটকে পাওনা টাকা আদায় করে ছাড়েন। এই অপমানের প্রতিশোধ নিতেই রবিবার রাতে দুটি মোটরসাইকেলে ৪-৫ জন যুবক সুমনের দোকানে হানা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী সুমনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে দুর্বৃত্তরা তার বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এলাকাবাসী তাদের ঘিরে ফেললে পালানোর পথ তৈরি করতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে চারজন পথচারী গুলিবিদ্ধ হন। জনতা ধাওয়া দিলে অন্যরা অস্ত্রসহ পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েলকে একটি মোটরসাইকেলসহ ধরে ফেলেন স্থানীয়রা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গুলিতে আহতদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে। আটককৃত ব্যক্তি বারবার নাম পরিবর্তন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
www.provatibarta.net www.facebook.com/provatibarta.online www.youtube.com/@ProvatiBarta