২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬:৩৪
প্রভাতী বার্তা ডেস্ক:
তিন মাসের বেশি বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১১ মার্চ সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা।
গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করার পর জাতীয় দলের পরবর্তী সূচিতে ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারতে দল না পাঠানোয় সেই টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি। ফলে দীর্ঘ বিরতির পর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তান দল ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। তিনটিই দিবারাত্রির ম্যাচ এবং খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ ঢাকা ছাড়বে পাকিস্তান দল।
এই সিরিজ দিয়েই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াই। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ৯–এ থাকতে পারলেই মিলবে সরাসরি টিকিট। বর্তমানে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে।
চলতি বছরে মোট ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার সূচি রয়েছে বাংলাদেশের। তাই মার্চ থেকেই ব্যস্ত আন্তর্জাতিক মৌসুমে প্রবেশ করতে যাচ্ছে টাইগাররা।

















